প্রেমে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নুসরাত জাহান স্বর্ণা (১৭) নামে এক কলেজছাত্রীকে ছুরি মেরে আহত করেছে শহিদুল ইসলাম দুলাল (২৮) নামের এক বখাটে। সোমবার সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কলেজ ছাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছে। বখাটে শহিদুল ইসলাম দুলাল উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কারী বাড়ির সামসুল হকের ছেলে।

আহত কলেজছাত্রীর বাবা সৌদি প্রবাসী জাকির হোসেন মৃধা জানান, আমার মেয়ে শহরের মহিউদ্দি আহমেদ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তিনি প্রতিদিনের মতো প্রাইভেট পড়ে বাসায় যাওয়ার পথে তার ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত করে শহিদুল ইসলাম দুলাল। শহিদুল বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে কলেজে ও প্রইভেটে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আমার মেয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে শহিদুল ক্ষীপ্ত হয়ে হামলা করে পালিয়ে যায়। 

আহত কলেজ ছাত্রীর নানা মুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলাদার বলেন, বখাটে শহিদুল ইসলাম দুলাল আমার নাতনিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করায় আমি বাদী হয়ে গত ২ মে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করি। 

মহিউদ্দি আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক তার কলেজের ছাত্রীর উপর এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। 

পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, কলেজছাত্রীর উপর হামলার খবর পেয়ে ওই বখাটেকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।