চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের

বিনিয়োগ সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। প্রধানমন্ত্রীর চীন সফরে সঙ্গী হয়েছেন এফবিসিসিআইয়ের ৫৯ ব্যবসায়ী। সফরের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার ‘বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন’ বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে এ আহ্বান জানান তারা। ডালিয়ানের এক হোটেলে এ সেমিনার আয়োজন করেছে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি)। সেমিনারে সিসিপিআইটি ছাড়াও চীনের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সেমিনারে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। পাশাপাশি সরকারের দেওয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। তিনি জানান, গত অর্থবছর বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর মধ্যে বাংলাদেশ শূন্য দশমিক ৬৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি ও ১১ দশমিক ৯ বিলিয়ন ডলারের আমদানি করেছে।

এফবিসিসিআই নেতারা আগামীকাল বাংলাদেশ ও চীনের শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠেয় ব্যবসা গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পেইচিংয়ে আগামী ৫ জুলাই এফবিসিসিআই নেতা এবং সিল্ক রোড চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্সের (এসআরসিআইসি) মধ্যে বিজনেস মিটিং অনুষ্ঠিত হবে। এফবিসিসিআই সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকরা এতে অংশ নেবেন। চীন সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী ৬ জুলাই ঢাকায় ফিরবে বলে আশা করা হচ্ছে।