ঝালকাঠির কাঁঠালিয়ার বলতলা গ্রামের নারী নরসুন্দর শেফালী রানী পেলেন চার শতক জমি ও ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বরাদ্দ-অনুদান পেলেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। গতকাল মঙ্গলবার জমি ও ঘর বরাদ্দের কাগজপত্র পৌঁছানো উপলক্ষে বলতলার দোগনা বাজারে এক সভায় প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ খবর জানান।
সভায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য দেশে কেউ গৃহহীন থাকবে না। সে উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। শেফালী রানী চার শতক জমি ও পাঁচ সন্তানের জন্য দুই কক্ষের বদলে তিন কক্ষের ঘর পাবেন। জমি ও ঘর বরাদ্দের কাগজপত্র তার হাতে পৌঁছে দিতে এসেছি।’
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান উজির প্রমুখ। নারী নরসুন্দর শেফালী রানীর জীবন-সংগ্রাম নিয়ে ‘জীবন-সংগ্রামে হার না মানা শেফালী’ শিরোনামে একটি প্রতিবেদন গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরে ছাপা হয়।