হজ ক্যাম্পের উদ্বোধন

হজের নামে জনগণের সঙ্গে প্রতারণা করবেন না : রাষ্ট্রপতি

পবিত্র হজ নিয়ে ব্যবসা না করার জন্য বাংলাদেশ হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের (হাব) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল মঙ্গ লবার রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজ কর্মসূচি-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ বছরের হজযাত্রা শুরু হবে।

হজ এজেন্সিগুলোর উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, মনে রাখবেন, হাজিগণ কারও দয়া অথবা অনুকম্পা নিয়ে সৌদি আরবে যান না। বরং আপনারা তাদের কাছ থেকে লাভবান হচ্ছেন। তাই হজ ব্যবসার নামে তাদের সঙ্গে প্রতারণা করবেন না। কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর। হজ ব্যবস্থাপনায় কোনো প্রকার অবহেলা, অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।

 

আবদুল হামিদ বলেন, কোনো ব্যক্তি অথবা এজেন্সির বিরুদ্ধে কোনো প্রকার অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণে দ্বিধা করবে না। এ সময় মক্কা এবং মদিনায় হাজিদের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হাব প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া মক্কায় পবিত্র কাবা শরীফে নামাজ আদায়কালে দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করার জন্য হাজিদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি হাজিদের দেশের দূত হিসেবে উল্লেখ করে সব ক্ষেত্রে দেশের ভাবমূর্তি তুলে ধরতে তাদের প্রতি আহ্বান জানান। তিনি তাদের উদ্দেশে বলেন, অনুগ্রহ করে আপনাদের মনে রাখতে হবে, আপনাদের আচরণ ও কথায় কেউ যেন কষ্ট না পান। তিনি হজ পালন শেষে নিরাপদে সবার দেশে ফিরে আসা কামনা করেন।

এ বছর বাংলাদেশ থেকে সরকারের তত্ত্বাবধানে ৬ হাজার ৯২৩ জনসহ মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ করবেন বলে ধারণা করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স হজযাত্রীদের পরিবহন করবে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান, ঢাকায় সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হারকান বিন শাবিহ এবং হাবের সভাপতি এম শাহাদৎ আলী উপস্থিত ছিলেন।