ছাত্রীকে যৌন হয়রানি

মির্জাপুর মহিলা কলেজ অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

দুই স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদকেসাময়িক বরখাস্ত করেছে পরিচালনা পরিষদ। এছাড়া এ বিষয়ে ১৫ দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. জাকির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ২৪ জুন পরিষদের সভায় অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।

গত বছরের ২০ ডিসেম্বর অধ্যক্ষ হারুন অর রশিদ কলেজের একটি কক্ষে আটকে দুই স্কুলছাত্রীকে যৌন হয়রানি করেন বলে তাদের মা মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। এর তদন্তে ইউএনও আব্দুল মালেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেন।

দুই ছাত্রী, তাদের মা, প্রত্যক্ষদর্শী ও অধ্যক্ষের বক্তব্য শুনে ঘটনার সত্যতা মিলেছে বলে তদন্ত কমিটির প্রধান দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন। ইউএনও আব্দুল মালেক জানান, তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জাকির হোসেন বলেন, ‘কমিটির সুপারিশের ভিত্তিতে যৌন হয়রানি, স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মÑ এই তিন অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।’ এদিকে ছাত্রীদের মা অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন।