দুর্নীতি দমন কমিশনের (দুদক) সব কর্মকর্তা প্রশাসনিক ও প্রযুক্তিগত নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের উপপরিচালক থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের (পরিচালক, মহাপরিচালক, সচিব) সঙ্গে এক জরুরি সভায় তিনি একথা জানান।
ইকবাল মাহমুদ বলেন, বিভিন্ন কৌশলে আপনাদের সতর্ক করা হচ্ছে, তারপরও অনেক ক্ষেত্রেই আপনাদের অনেকের আচরণের ইতিবাচক পরিবর্তন হয়নি। শেষবারের মতো তাদের সতর্ক করে তিনি বলেন, দায়িত্ব পালনে ন্যূনতম ত্রুটি পেলেও কাউকেই ক্ষমা করা হবে না। দুদক কর্মকর্তাদের নৈতিকতার মানদণ্ড হতে হবে সর্বোচ্চ। এক্ষেত্রে কমিশন আপস করবে না। এ মানদণ্ড নিশ্চিতকল্পে সব ধরনের প্রশাসনিক এবং প্রযুক্তিগত নজরদারি আরও বাড়ানো হয়েছে।
তিনি বলেন, কিছু অনুসন্ধান ও তদন্তের সময় আগেই শেষ হয়ে গেছে। কর্মকর্তারা বিভিন্নভাবে আবেদন করে সময় নিয়েছেন। দুদক বিধিমালা-২০০৭-এর সর্বশেষ সংশোধনী অনুসারে ওইসব অনুসন্ধান ও তদন্ত আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, কারও গাফিলতি কিংবা দায়িত্ব পালনে শৈথিল্য কমিশন সহ্য করবে না।