মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাভারে মোবাইল চুরির অপবাদ দিয়ে সবুজ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে পৌর এলাকার কাতলাপুর মহল্লার ইসকন মন্দিরের ভেতরে এই ঘটনা ঘটেছে।

নিহত সবুজ নিলফামারী জেলার সৈয়দপুর থানার আইসক্যান গ্রামে নিখিলের ছেলে। সে সাভারের উলাইল ভান্ডারীমোড় এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতো বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়রা অভিযোগ করেন, সবুজ রাতে মন্দিরের ভেতরে ঢুকে নাকি মোবাইল চুরি করেছিল। এ ঘটনায় তাকে আটকে রেখে মন্দিরের লোকজন গণ পিটুনি দিলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে সকালে মৃত ভেবে তাকে রাস্তায় ফেলে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শী ভ্যান চালক মো. আব্বাস জানান, সকাল ৮টায় আমি বাসা থেকে বের হয়ে কাজে যাচ্ছিলাম। এসময় দেখি ইসকন মন্দিরের কিছু লোক সবুজকে মেরে মন্দিরের দক্ষিন পাশে ময়লার উপর ফেলে দেয়। পরে আমি তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পরই সে মারা যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাতলাপুর কানাই লাল জিউ বিগ্রহ মন্দিরের (ইসকন মন্দির) সাধারণ সম্পাদক নিতাই দয়াল বলেন, সকালে সবুজ নামের ওই যুবক আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করে ভক্তদের কক্ষে থাকা ৬টি মোবাইল চুরি করে। এসময় ভক্তবৃন্দ ও মন্দিরের লোকজন তাকে ধরে মারধর করলে সে অসুস্থ হয়ে পড়ে। এসময় আমি নিজে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে জানতে পারি সে মারা গেছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আমজাদুল হক বলেন, সবুজ নামে এক যুবককে অজ্ঞান অবস্থায় হাসাতালে আনা হয়। এসময় আমরা পরিক্ষা নীরিক্ষা করে দেখি সে মারা গেছে। পরে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে সে একজন মাদকসেবী ছিল এবং মন্দিরের ভেতরে ঢুকে মোবাইল চুরি করায় তাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।