ঢাকা-চেন্নাই রুট রিজেন্ট উড়বে ২২ জুলাই থেকে

নতুন গন্তব্যে ডানা মেলছে বেসরকারি এয়ারলাইনস রিজেন্ট এয়ারওয়েজ। এরই অংশ হিসেবে আগামী ২২ জুলাই থেকে ঢাকা- চেন্নাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে রিজেন্ট। অত্যাধুনিক বোয়িং-৭৩৭ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট চলাচলের কথা রয়েছে।

রিজেন্ট এয়ারলাইনসের চিফ অপারেটিং অফিসার আশীষ রায় চৌধুরী জানান, সবকিছু ঠিক থাকলে ২২ জুলাই থেকে চেন্নাইয়ের আকাশে ডানা  মেলবে রিজেন্ট এয়ারওয়েজ। এরই মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ঢাকা-গুয়াংজু রুটেও ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, রিজেন্ট নিকট ভবিষ্যতে যেসব আন্তর্জাতিক রুট চালু করবে  সেগুলোতে পয়েন্ট-টু-পয়েন্ট ব্যবসার বদলে কোড শেয়ারিং পলিসি আবেদন করবে। এই পদ্ধতি অবলম্বন করলে যেকোনো রুট ব্যবসা সফল হতে বাধ্য। তিনি বলেন, অ্যাভিয়েশন ব্যবসা আগের জায়গায়  নেই। পয়েন্ট-টু-পয়েন্ট পলিসি থেকে বের হয়ে গেছে পৃথিবীর নামিদামি সব এয়ারলাইনস। ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ এর মধ্যে অন্যতম। এসব এয়ারলাইনস নির্দিষ্ট গন্তব্যের যাত্রীর ওপর ভরসা করে না।

উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই ঢাকা-গুয়াংজু-ঢাকা এবং ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে চলতি বছরের ৩১ মার্চ থেকে ফ্লাইট পরিচালনা শুরু করেছে  দেশের আরেক বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা।

এদিকে কয়েক দফা তারিখ ঘোষণা করেও গুয়াংজু ও চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস।