চলতি হজ মৌসুমে চট্টগ্রাম থেকে বিশেষ ফ্লাইট আগামী রবিবার থেকে শুরু হচ্ছে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩২০৮ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। ইতিমধ্যে হজযাত্রীদের জন্য সরাসরি ফ্লাইটের সূচি ঘোষণা করেছে বিমান কর্র্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) আরিফুজ্জামান খান দেশ রূপান্তরকে জানান, এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে ১৯টি সরাসরি হজ ফ্লাইটের সূচি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী, আগামী রবিবার প্রথম ফ্লাইট এখান থেকে সরাসরি জেদ্দা যাবে। তিনি আরও জানান, প্রতি বছরের মতো এবারও ডেডিকেটেড ফ্লাইটের বাইরে শিডিউল ফ্লাইটেও চট্টগ্রাম থেকে হজযাত্রীরা সৌদিতে যাবেন। হজযাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তি কিংবা হয়রানিতে না পড়েন, সে জন্য বিমানের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রামে এ বছর ১০ হাজারের বেশি হজযাত্রী রয়েছেন। এসব যাত্রী পরিবহনের জন্য হাবের পক্ষ থেকে ২৫টি সরাসরি হজ ফ্লাইট দেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯টি সরাসরি হজ ফ্লাইট দিয়েছে। জানতে চাইলে হাব চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও গালফ ট্রাভেলসের স্বত্বাধিকারী শাহ আলম দেশ রূপান্তরকে বলেন, ‘বিগত বছরগুলোতে দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ সরাসরি হজ ফ্লাইটের অভাবে চট্টগ্রামের হজযাত্রীদের বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হতে হয়েছে। তাই এবার আমরা হাবের পক্ষ থেকে ২৫টি সরাসরি হজ ফ্লাইটের দাবি দিয়েছিলাম। বিমান কর্র্তৃপক্ষ ইতিমধ্যে ১৯টি ফ্লাইটের শিডিউল ঘোষণা করেছেন। আশা করছি হজযাত্রীরা যাতে কোনো ধরনের দুর্ভোগে না পড়েন, সে বিষয়টি বিমান কর্র্তৃপক্ষ খেয়াল রাখবে।’
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, এবার চট্টগ্রাম থেকে ১৯টি সরাসরি হজ ফ্লাইটের মধ্যে ১২টি চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে সরাসরি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে। আর সাতটি ফ্লাইট সরাসরি মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর যাবে। এর মধ্যে ৭ জুলাই বিকেল সাড়ে ৪টায় প্রথম ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা দেবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজে যাবেন। বিগত বছরগুলোর মতো এবারও মোট হজযাত্রীর ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও অবশিষ্ট ৫০ শতাংশ সৌদি এয়ারলাইনস নিয়ে যাবে। ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হবে। ৫ আগস্ট হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইট সৌদি আরব যাবে। ১৭ আগস্ট থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।