গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার রাতে মুলাইদ ক্যাপ্টেন সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জেলার সদর উপজেলার ছোট নান্দিনা গ্রামের আব্দুল গফুরের ছেলে সেলিম (৩৫) এবং শ্রীপুরের মাওনা এলাকার আব্দুস সোবাহানে ছেলে হাবিব (৩০)।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, নিহতরা কাঁচামাল ব্যবসায়ী। পার্শ্ববর্তী জৈনা বাজার থেকে বুধবার রাত দেড়টার দিকে তারা অবিক্রিত মালামাল নিয়ে টমটমযোগে মাওনা চৌরাস্তার দিকে ফিরছিলেন।
এ সময় পেছন দিক দিয়ে অজ্ঞাত একটি গাড়ি তাদের টমটমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সেলিম মারা যান। হাবিবকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনিও মারা যান। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।