দেশের শীর্ষ এলপি গ্যাস ব্র্যান্ড বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড প্রথমবারের মতো বড়পর্দার কোনো চলচ্চিত্রের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে। এ বিষয়ে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-এর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ফয়সাল আহমেদ ও সানি সানোয়ার পরিচালিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এর কো-স্পন্সর হিসেবে কাজ করবে বসুন্ধরা এলপি গ্যাস।
বসুন্ধরা এলপি গ্যাসের জেনারেল ম্যানেজার (বিক্রয়) জাকারিয়া জালাল বলেন, এই প্রথমবারের মতো আমরা কোনো চলচ্চিত্রের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। বর্তমান সময়ের সামাজিক প্রেক্ষাপট নিয়েই মূলত ছবিটি। এই সিক্যুয়েলের আগের পর্বটি (ঢাকা অ্যাটাক) কাউন্টার টেররিজমের ওপর ভিত্তি করে যেভাবে দর্শকের বিপুল সাড়া পেয়েছিল, আশা করছি এই ছবিটিও সেই ধারাবাহিকতা বজায় রাখবে। কাউন্টার টেররিজমে আমাদের প্রশাসনের যে শক্তিশালী ভূমিকা তা এই ছবিতে দর্শকরা দেখতে পাবেন। আমরাও চেয়েছি এ ধরনের কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে। ভবিষ্যতেও বসুন্ধরা এলপি গ্যাস সমাজের কল্যাণে যেসব কার্যক্রম থাকবে, তার সঙ্গে নিজেদের সংযুক্তি বজায় রাখবে।
সিনেমাটির পরিচালক জানান, বসুন্ধরা এলপি গ্যাসের মতো বড় একটি ব্র্যান্ড কো-স্পন্সর হওয়ায় আমরা আনন্দিত। সিনেমাটির প্রধান চরিত্রে থাকছেন আরিফিন শুভ। তার বিপরীতে থাকবেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস ঐশী।
সংবাদ সম্মেলনে বসুন্ধরা গ্রুপের সেক্টর এ-এর বিজনেস ডেভেলপমেন্ট জেড এম আহমেদ প্রিন্স, বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মাহবুব আলম, এজিএম (সেলস) মো. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।