যুক্তরাজ্য ও চীনের মধ্যে কূটনৈতিক বাদানুবাদের কেন্দ্র হয়ে উঠেছে হংকং। সাবেক উপনিবেশ হংকংয়ের গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছে যুক্তরাজ্য। দেশটি বলেছে, ‘এক দেশ, দুই নীতি’ (যা হংকংয়ের বাসিন্দাদের ভিন্ন অধিকার দিয়েছে) অবশ্যই অব্যাহত থাকতে হবে। জবাবে চীন সরকার বলেছে, তাদের বিশেষ প্রশাসনিক অঞ্চলটির অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে যুক্তরাজ্য। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
চীনের মূল ভূখণ্ডে প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে বিপুল লোক বিক্ষোভ করে হংকংয়ে। এই বিলটির নেতৃত্ব দেন হংকংয়ের চীনপন্থি প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। এ বিলটি বাস্তবায়ন করা হলে চীনের মূল ভূখণ্ডসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিচারের জন্য পাঠানো যাবে হংকংয়ের বাসিন্দাদের। বিক্ষোভকারীদের দাবি, এই বিল হংকংয়ের স্বায়ত্তশাসনকে ঝুঁকিতে ফেলেছে। একই সঙ্গে এটি নগরীর স্বতন্ত্র আইনি ব্যবস্থাকেও হুমকির মুখে রেখেছে। তারা মনে করছে, চীন বিলটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। তাদের এই বিক্ষোভের মুখে বিলটি পাস করা থেকে সাময়িকভাবে সরে এসেছে হংকং কর্র্তৃপক্ষ। তবে বিলটি প্রত্যাহার করেনি তারা।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট সম্প্রতি বিক্ষোভকারীদের সহিংসতার সমালোচনা করেন। তবে বিক্ষোভকারীদের প্রতিহত করতে সহিংসতা বেছে নিলে চীনকে ‘মারাত্মক পরিণতি’ বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। হংকংয়ে বড় পরিসরের স্বায়ত্তশাসনের প্রতি চীনের শ্রদ্ধা থাকা উচিত বলেও মন্তব্য তার।
এর পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ শিয়াওমিং বলেন, হান্টের বক্তব্যে ইউরোপের দেশটির সঙ্গে পূর্ব এশিয়ার দেশটির সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনের সঙ্গে যুদ্ধের পর ১৫৬ বছর ধরে যুক্তরাজ্যের দখলে ছিল হংকং। ১৮৯৮ সালে এক চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্যের কাছে ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয় ভূখণ্ডটি। ১৯৮৪ সালে যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার চীনা সরকারের সঙ্গে যৌথ ঘোষণায় সই করেন। এতে দুই দেশ এ মর্মে সম্মত হয়, বেশ কিছু শর্তে ১৯৯৭ সালে চীনের হাতে তুলে দেওয়া হবে হংকংকে। এই শর্তগুলোর মধ্যে হংকংয়ে বড় পরিসরে স্বায়ত্তশাসন ও চীনের মূল ভূখণ্ডে নেই এমন কিছু অধিকার অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া চীনের কমিউনিস্ট কাঠামোর পরিবর্তে হংকং পুঁজিবাদী অর্থনীতিতে চলবে বলেও দুই পক্ষ সম্মত হয়। আশির দশকের চুক্তি অনুযায়ী, ২০৪৭ সাল পর্যন্ত দুই দেশের মধ্যে চুক্তি বহাল থাকবে।