ডিআইজি মিজানের ভাগ্নে এসআই মাহমুদুল কারাগারে

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় পুলিশের বিতর্কিত কর্মকর্তা মিজানুর রহমানের (ডিআইজি মিজান) ভাগ্নে এসআই (বরখাস্ত) মাহমুদুল হাসানকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। গতকাল বৃহস্পতিবার তিনি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ

করে জামিনের আবেদন করলে আদালত আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদালতে আসামির পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী কাজী নজিবুল্লাহ হীরু ও শাহীনুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

একই মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানকে গত মঙ্গলবার কারাগারে পাঠায় এই আদালত। এর আগের দিন মিজান হাইকোর্টের একটি বেঞ্চে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট তাকে তাৎক্ষণিকভাবে পুলিশে সোপর্দ করে। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে তাকে বিচারিক আদালতে হাজির করার নির্দেশ দেয়। 

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ডিআইজি মিজানের  স্ত্রী সোহেলিয়া আনার রতœা, ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগ্নে মাহমুদুলের বিরুদ্ধে গত ২৪ জুন মামলা করে দুদক। আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার ২১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা হয়।