রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী দিনে দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) মতো দেশের সব ছাত্র সংসদের নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানান।
এ সময় উপাচার্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম তুলে ধরেন। বৈঠকে উপাচার্য রাষ্ট্রপতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। তিনি রাষ্ট্রপতিকে জানান, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল ‘থিম’ হচ্ছে ‘মানসম্পন্ন শিক্ষা : প্রতিবন্ধকতা ও সমাধান’। পাশাপাশি তিনি এ বছর ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনের সার্বিক প্রস্তুতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ ছাড়া তাকে আগামী ২০২১ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করা হয়। বাসস।