শারজাহর আমিরের ছেলে খালিদের রহস্যজনক মৃত্যু

যুক্তরাজ্যে রহস্যজনক মৃত্যু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহর আমিরের ছেলে ও ফ্যাশন ডিজাইনার শেখ খালিদ বিন সুলতান আল কাসিমির (৩৯)। গত মঙ্গলবার এক বিবৃতিতে শারজাহ কর্র্তৃপক্ষ তার মৃত্যুর ঘোষণা দেয়। এর আগের দিন

লন্ডনের নাইটসব্রিজ এলাকায় পুলিশ ডেকে নেওয়া হয় একটি বাসায়। ওই বাসায় খালিদের মরদেহ পাওয়া যায়।

পুলিশের বিবৃতির বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, বাড়ির ভেতর ত্রিশোর্ধ্ব বয়সী এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বিবৃতিতে আরও বলা হয়, মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ। গত মঙ্গলবার ময়নাতদন্তেও মৃত্যুর কারণ জানা যায়নি। গত বুধবার খালিদের জানাজা হয়েছে। তার মৃত্যুর ঘটনায় শারজাহতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে; অর্ধনমিত রাখা হয়েছে পতাকা।

বাবা শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি গত বুধবার জানাজার কিছু ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করেন। তার বেঁচে থাকা সর্বশেষ ছেলে ছিলেন খালিদ। মাত্র ৯ বছর বয়সে লন্ডনে গিয়েছিলেন তিনি।

যুক্তরাজ্যের টনব্রিজ স্কুলে প্রাথমিক শিক্ষা নেন খালিদ। পরে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে তিনি ফরাসি ও স্প্যানিশ ভাষা নিয়ে পড়াশোনা করেন। তিনি নিজ নামে (কাসিমি) ফ্যাশন প্রতিষ্ঠান খোলেন।