উইন্ডিজ-আফগানিস্তান দু’দলের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তাই বৃহস্পতিবারে হেডিংলির ম্যাচটা ছিল নিয়মরক্ষার। উইন্ডিজদের জন্য অন্য উপলক্ষ অবশ্য প্রস্তুত ছিল। দলের প্রাণ, ক্রিস গেইলের বিশ্বকাপ বিদায়ও যে হয়েছে এ ম্যাচের মধ্য দিয়ে। ‘ইউনিভার্স বস’কে তাই সম্মানজনকভাবে বিদায় দেওয়া ছিল ক্যারিবীয়দের প্রধান লক্ষ্য। আর সেটা তারা করেছে ২৩ রানের জয় দিয়ে।
অধিনায়ক জেসন হোল্ডার এ তারকার বিদায়ে ব্যথিত। তবে শুভকামনা জানিয়েছেন ভবিষ্যতের জন্য। উইন্ডিজের বিশ্বকাপ মিশন ভালো না হওয়ায় কিছুটা হতাশ ক্যারিবীয় অধিনায়ক। যদিও শেষটা জয় দিয়ে করতে পারায় খুশি, ‘এবারের আসরে তিন বিভাগের ধারাবাহিকতার অভাব আমাদের ভুগিয়েছে। ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। আমরা কিছু ম্যাচে খুব কাছে গিয়ে হেরে গেছি। নয়তো আমাদের অবস্থান আরও ভালো থাকত।’
এদিকে আফগান অধিনায়ক ম্যাচ শেষে দলে ভালো ফাস্ট বোলারের অভাব নিয়ে কথা বলেছেন। এছাড়াও খেলোয়াড়দের ফিটনেস নিয়েও বলেন, ‘এই বিশ্বকাপ থেকে আমরা অনেক কিছু শিখেছি। তবে দলের জন্য হতাশার হলো আমরা যথেষ্ট ফিট নই। এ জায়গায় কাজ করতে হবে। চাপের মুহূর্তে নিজেদের আরও পরিণত করার দিকে খেয়াল রাখতে হবে। আমি যেটা বলব আমরা বিশ্বকাপে এসেছি স্পিনারদের ওপর নির্ভর করে। বিশেষ করে মুজিব যোগ দেওয়ার পর থেকে। দলে ভালো পেসার নেই। সামনের বিশ্বকাপে যাতে আমাদের ভালো মানের কিছু পেসার থাকে সেদিকে নজর দিতে হবে।’ মোহাম্মদ শাহজাদের বদলি হিসেবে খেলা তরুণ উইকেটকিপার ইকরাম আলিখিলকে নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক, ‘সে দারুণ ক্রিকেটার। আশা করি সে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাবে। তার মতো প্রতিভা খুঁজে বের করে কাজে লাগাতে হবে।’
উইন্ডিজের হয়ে বিদায়ী ম্যাচ খেলা গেইল অবশ্য এদিনও ছিলেন প্রাণবন্ত। ব্যাট হাতে আনন্দ দিতে না পারলেও এদিন বিনোদিত করেছেন অন্যভাবে। ক্যাচ ধরে সতীর্থদের সঙ্গে পুশআপ দিয়েছেন মাঠে। উইকেট পেয়ে মজা করেছেন। আবার তাকে দেখা যাবে কি না বিশ্বকাপে এমন প্রশ্নে গেইল বলেছেন, ‘আমি আমার শরীরকে ঝুঁকির মুখে ফেলতে চাই না। নিশ্চিতভাবে এটাই শেষ।’ উইন্ডিজের হয়ে পাঁচটি বিশ্বকাপে অংশ নিতে পারায় গর্বিত তিনি, ‘এটা অনেক সম্মানের। যদিও শেষ চারে যেতে না পেরে আমি হতাশ।’
ক্রিস গেইলের বিশ্বকাপ বিদায়ী ম্যাচের সেরা খেলোয়াড় শেই হোপের মন খারাপ সতীর্থের বিদায়ে, ‘আমার তো মনে হয় আজ ক্রিকেটের জন্য মন খারাপের দিন। আসলে পুরো ক্রিকেটবিশ্ব তাকে (গেইল) মিস করবে।’ গেইল না থাকলে কী মিস করবেন তার? হোপের জবাব, ‘এমন তো অনেক কিছু আছে। তবে আমি সম্ভবত তার সানগ্লাসটা বেশি মিস করব।’