নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রথযাত্রা থেকে ফেরার পথে বাসচাপায় তিন নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও আটজন আহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার সোনাপুর এলাকার দুলাল বর্মণের স্ত্রী সঙ্গীতা রানী বর্মণ, মেয়ে বর্ষা বর্মণ ও তার শাশুড়ি দেবী বর্মণ।
এছাড়া গতকাল নাটোরের বড়াইগ্রামে ট্রলিচাপায় এক শিশু নিহত হয়। এদিন দুপুরে রাঙ্গামাটির রাজস্থলীতে পাহাড়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান নিচে পড়ে চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর
সোনারগাঁ : কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, রাতে কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে মহাসড়ক পার হচ্ছিলেন ওই তিন নারী। এ সময় সিলেটগামী রাসেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসচালকসহ আরও আটজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।
নাটোর : বড়াইগ্রামে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মাটিবোঝাই ট্রলিচাপায় ঊর্মিলা খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল উপজেলার নগরবাজারে এ দুর্ঘটনা ঘটে। ঊর্মিলা উপজেলার নগর ইউনিয়নের তালশো গ্রামের আলিম হোসেনের মেয়ে। ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাপ্তাই (রাঙ্গামাটি) : রাজস্থলী উপজেলার খানসামা এলাকায় উঁচু পাহাড়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান অন্তত ৭০ ফুট নিচে খাদে পড়ে চালক সাইফুল ইসলাম (৩৫) নিহত হন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি লংগদু উপজেলার মাইনী এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
রাজস্থলী থানার এসআই জিয়াউর রহমান জানান, খানসামা এলাকায় একটি সড়কের নির্মাণকাজ করছে জনৈক ঠিকাদার লিয়াকত আলী। সাইটের পানি সংগ্রহের জন্য সাইফুল তার পিকআপ ভ্যান নিয়ে পার্শ্ববর্তী পাহাড়ি ঝিরিতে যান। সেখান থেকে পানি নিয়ে আসার সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির চাপায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা মহসিন ও মিরাজুল ইসলাম গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।