গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল রবিবার সারা দেশে আধা বেলা হরতাল ডেকেছে বাম দলগুলোর সংগঠন বাম গণতান্ত্রিক জোট। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করবে জোটটি।
এদিকে ‘জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং গণদুর্ভোগের বাজেটের প্রতিবাদে’ ডাকা বাম জোটের এই হরতালে সমর্থন জানিয়েছে গণফোরাম, গণতান্ত্রিক বাম ফ্রন্ট, পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। এ ছাড়া বিএনপি এই হরতালে নৈতিক সমর্থন দিচ্ছে বলে গতকাল শুক্রবার স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে গত মঙ্গলবার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু কারণ আছে। এ নিয়ে যদি বিরোধীরা হরতাল-বিক্ষোভের ডাক দেন, তারা দিতে পারেন। কিন্তু আমার ধারণা, হরতালে তারা জনগণের সাড়া পাবেন না।’ তিনি আরও বলেন, ‘দেশের মানুষ বাস্তবতা বোঝে। বাস্তব কারণে যৌক্তিক কিছু দাম এখানে সমন্বয় করা হয়েছে। কাজেই দেশের মানুষ এ বিষয়টাকে সহজভাবে নেবে, এটাই আমরা আশা করি।’
সমাজের বিভিন্ন অংশের আপত্তির মধ্যেই সব পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বাড়িয়েছে সরকার, যা কার্যকর হয়েছে জুলাইয়ের প্রথম দিন থেকেই। আবাসিক গ্রাহকদের এক চুলার জন্য মাসে ৯২৫ ও দুই চুলার জন্য ৯৭৫ টাকা দিতে হবে, যা এত দিন ছিল যথাক্রমে ৭৫০ ও ৮০০ টাকা।