মাগুরায় মো. হাবিবুল্লাহ (১৪) নামে এক মাদ্রাসাছাত্রকে ঘুমের মধ্যে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল ভোররাতে সদর উপজেলার বাগবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মহম্মদপুর উপজেলার ধুপুরিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে হাবিবুল্লাহ বাগবাড়িয়া দারুল কোরআন মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র।
সহপাঠী আল-আমিন জানায়, গরমের কারণে হাবিবুল্লাহসহ তারা চারজন মাদ্রাসাসংলগ্ন মসজিদের বারান্দায় ঘুমিয়েছিল। রাত ৪টার দিকে হাবিবুল্লাহর চিৎকারে জেগে দেখে তার চোয়াল ও গলা দিয়ে রক্ত ঝরছে। দ্রুত বিষয়টি হাবিবুল্লাহর দুলাভাই কিবলুর রহমানকে জানায়।
কিবলুর রহমান বলেন, ‘ঘটনা শোনার পর হাবিবুল্লাহকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করি। তার সঙ্গে কারও বিরোধ নেই। তবে কেউ শত্রুতাবশত এ কাজ করতে পারে বলে আমার ধারণা।’
হাবিবুল্লাহর বাবা আলতাফ জানান, তার ছেলে এক বছর ধরে ওই মাদ্রাসায় হাফেজি পড়ছে। তার সঙ্গে কারও বিবাদ নেই।
সদর হাসপাতালের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস জানান, হাবিবুল্লাহকে সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তার আঘাত গুরুতর হলেও সে শঙ্কামুক্ত। সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।