বিশ্বকাপে কেমন করল বাংলাদেশ? শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শেষ করল টাইগাররা। যে মিশন শেষে এখন প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মেলানোই যায়। বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা নিজেদের পারফরম্যান্স কাটাছেঁড়া করতে গিয়ে বোলিং ও ফিল্ডিংয়ে ঘাটতির কথা উল্ল্যেখ করলেন। বড় দলের সঙ্গে যেখানে নিজেদের বিস্তর ফাঁরাক দেখেন টাইগার অধিনায়ক।
এবারের বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের। সেজন্য লিগ পর্বে ৯ ম্যাচে কমপক্ষে ৫টিতে জয় পেতে হতো। বাংলাদেশ তিন জয়ে শেষ করল নিজেদের বিশ্বকাপ অভিজান। একটি ম্যাচ অবশ্য বৃষ্টিতে ভেসে যায়। আরো দুই জয় পেতে হলে হারাতে হতো অস্ট্রেলিয়া, ভারত বা ইংল্যান্ডের মতো দলগুলোকে। যাদের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে পারেনি টাইগাররা। পারেনি নিউজিল্যান্ড বা পাকিস্তানের বিপক্ষেও।
লর্ডসে পাকিস্তান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঠিক এই প্রসঙ্গে প্র্রশ্ন করা হলো মাশরাফীকে। গ্লোবালি দলগুলোর সঙ্গে টাইগারদের পার্থক্য কোথায়? মাশরাফী উত্তর দিলেন এভাবে, ‘‘গ্লোবালি যে তিনটা দলের কথা বললেন, হয়তো বা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের কথা বলেছেন। আমার কাছে মনে হয়, বিশ্বকাপ শুরুর আগে সব বিভাগ নিয়েই আমি কিছুটা চিন্তিত ছিলাম। হয়তো বা সব বিভাগেই আমরা কিছুটা পিছিয়ে আছি। শতভাগের বেশি ক্রিকেট খেললে আমরা ওদের সাথে জিততে পারবো।’’
‘‘কিন্তু ওদের সাথে খেলার পর যেটা মনে হয়েছে, ব্যাটিংয়ে যে জায়গায় ছিলাম, সমান-সমান জায়গায় ছিলাম। বোলিংয়ে অনেক বড় পার্থক্য আছে। ফিল্ডিংয়ে আরো বেশি পার্থক্য আছে। এই দুইটা জায়গায় তাদের সাথে আমাদের বিস্তর ফাঁরাক। যেখানে আমাদের উন্নতি করার সুযোগ আছে।’’