ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত দলেল সর্দার আলী হোসেনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। শনিবার সকালে ধামরাইয়ের চন্দ্রাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলী হোসেন সাভারের চাপাইনের লালটেক এলাকার মৃত আওলাদ হোসেনের ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধামরাই উপজেলার চন্দ্রাইল এলাকা থেকে তাকে ডাকাত সর্দার আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডাকাত দলের সর্দার আলী হোসেনের বিরুদ্ধে সাভারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে। তিনি সাভার-ধামরাই ও শিংগাইর এলাকার ডাকাতি ও ছিনতাই চক্রের দলনেতা। তার নেতৃত্বেই বিভিন্ন সময়ে অনেক বড় বড় অপকর্ম সংঘটিত হয়ে আসছিল।
এসআই আরও বলেন, “একটি ডাকাতি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি হয়ে সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। মূলত সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ছিনতাই চক্রের গডফাদারও আলী হোসেন।”
এ ঘটনায় শনিবার দুপুরে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।