তেরখাদা উপজেলার জয়সেনা-গাজীরহাট সড়কের ৩ বছর ধরে ভাঙন চলছে। এরইমধ্যে সড়কটির বেশ কিছু অংশ চিত্রা খালে বিলীন হয়ে গেছে। দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা না নিলে সড়কটি হারিয়ে যাবে চিত্রা খালে।
এলাকাবাসী জানায়, ২০১৫ সালের দিকে তেরখাদা উপজেলার জনগুরুত্বপূর্ণ এ সড়কটির জয়সেনা-গাজীরহাট এই অংশের পাকাকরণের কাজ সম্পন্ন হয়। ৩ বছর আগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চিত্রা খাল পুনঃখননের কাজ শুরু করে। সড়কের পাশের সøাব না রেখে খাড়াভাবে এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটা হয়। সড়কের পাশে মাটি না থাকায় যানবাহন চলাচলের সময় সড়কটি ভেঙে পাশের চিত্রা খালে চলে যাচ্ছে। বর্ষা মৌসুমের শুরুতে ভাঙন আরও তীব্র হচ্ছে।
তেরখাদা উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, সড়কটি বেহাল হওয়ার কারণে উপজেলার পানতিতা, ভবানীপুর, বারাসাতসহ বিভিন্ন এলাকায় অপরাধ ঘটলে পুলিশ সেখানে দ্রুত পৌঁছাতে পারে না। সড়কে সংস্কার জরুরি।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির স্লাব না রেখে পাউবো খাড়াভাবে খালটি খনন করেছে। আর মাটি ফেলেছে আশপাশের মানুষের বাড়ি ও বাগানে। ওই মাটি যদি সড়কের পাশেও রাখত তাহলে সড়কটির এমন সর্বনাশ হতো না। আবার নতুন করে খাল খনন করে রাস্তার পাশে মাটি দিলে এটি রক্ষা পেতে পারে। পাউবো খুলনা-১ নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ‘এই বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ-খবর নিয়ে দেখব।’