রাজধানীর তিন সড়কে আজ থেকে রিকশা চলাচল বন্ধ হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কুড়িল থেকে মালিবাগ এবং গাবতলী থেকে আসাদ গেট পর্যন্ত প্রধান সড়কে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। এ ছাড়া ঢাকা উত্তরে ফুটপাত দখলমুক্ত করতে আজ মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল শনিবার এক মতবিনিময় সভা শেষে এ কথা জানান মেয়র। ঢাকা পরিবহন
সমন্বয় কর্র্তৃপক্ষের (ডিটিসিএ) পরিকল্পনা অনুযায়ী, গাবতলী থেকে আজিমপুর (মিরপুর রোড), সায়েন্স ল্যাব থেকে শাহবাগ ও কুড়িল থেকে খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত সড়কে আর রিকশা চলবে না।
গলির রাস্তাগুলোতে রিকশা চলবে উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা শহর থেকে রিকশা তুলে দিচ্ছি তা কিন্তু নয়। শুধু বলছি শহরের প্রধান সড়কগুলোতে যেন রিকশা না চলে। কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে যে, শহর থেকেই রিকশা তুলে দেওয়া হচ্ছে। আমরা শুধু অবৈধ রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিয়েছি এবং বৈধ রিকশাগুলো ডিএনসিসির প্রধান সড়কের সংযুক্ত ৭৪ নেটওয়ার্কিং রোডে চলবে।’
ফুটপাত দখলের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, জনদুর্ভোগ এড়াতে কাল (আজ) থেকে ডিএনসিসির সব এলাকায় যেখানেই ফুটপাত দখল থাকবে সেখানে হাজির হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি দিয়ে সব দখলদারকে অবহিত করেছি। কাল থেকে কোথাও ফুটপাত দখলে থাকলে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৬ জন ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে বলে জানান তিনি।
মেয়র বলেন, ‘আমাদের এ শহর এতদিন ম্যানুয়াল ছিল। এখন দেশ উন্নত হচ্ছে। বাড়ছে জনসংখ্যা। তাই পরিস্থিতি উত্তরণের জন্য আমাদের মেকানিক্যাল সিস্টেমে যেতে হবে।’ তিনি বলেন, ‘একটি সড়কে ম্যানুয়াল এবং মেকানিক্যাল সিস্টেম একই সঙ্গে চলতে পারে না। তাই সিদ্ধান্ত নিয়েছি, যেসব সড়কে যান্ত্রিক পরিবহন চলে সেসব সড়কে রিকশা চলতে দেওয়া হবে না। এর কারণে শুধু যে যানজট হচ্ছে তা নয়, দুর্ঘটনারও শঙ্কা থাকে।’
যানজট কমাতে অবৈধ সিএনজি অটোরিকশা ও লেগুনা বন্ধ হবে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, রিকশার পাশাপাশি অবৈধ সিএনজি অটোরিকশা যেগুলো রাজধানীতে চলাচল করে সেগুলোও অপসারণের কার্যক্রম চলবে। লেগুনা সম্পূর্ণরূপে বন্ধ করা হবে।
সভায় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) পরিচালক কর্নেল মাহবুবুর রহমান, ডিএনসিসির কাউন্সিলর, রিকশা ও ভ্যানমালিক সমিতির সভাপতি মো. ইসমাইল, রিকশা ও ভ্যানমালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আর এ জামান উপস্থিত ছিলেন।