টেমস দেখতে লন্ডন নয়, বুড়িগঙ্গা গেলেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বুড়িগঙ্গা নদীকে বিনোদনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, আগামীতে টেমস নদী দেখতে লন্ডন নয়, বুড়িগঙ্গায় গেলেই হবে। গতকাল শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে নদীরক্ষা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বুড়িগঙ্গা হবে আনন্দ বিনোদনের কেন্দ্রবিন্দু, টেমস

নদী দেখার জন্য আমাদের লন্ডন যেতে হবে না, বুড়িগঙ্গা গেলেই হবে। শুধু বুড়িগঙ্গা নদীই নয়, ঢাকার চারপাশে যত নদী আছে সব অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করে জনসাধারণের বিনোদনের স্থান তৈরি করা হবে। সৌন্দর্য বৃদ্ধি করা হবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও নির্দেশে এই কাজ অবশ্যই এগিয়ে নেওয়া হবে।’ ৫৫ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের মধ্যে ৫২ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কাজ শেষ হবে বলে জানান দেন তিনি।

নদীরক্ষা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের মধ্যে রয়েছেÑ বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদের তীরভূমিতে সীমানা পিলার স্থাপন, তীররক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ।

দখলদারদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ যদি নদী দখলের চিন্তা করেন তাহলে ভুল করবেন। এখন আগের সরকার নয়, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। দখলের চেষ্টা করলে যথাযথ বিচার করা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, নদীতীর দখলে ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান এয়ার কমোডর এম মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, নৌপরিবহন সচিব আবদুস সালাম প্রমুখ।