দ. রাখাইনে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী

রাখাইন রাজ্যের উত্তরাংশে ভয়াবহ সংঘর্ষের মধ্যেই দক্ষিণ রাখাইনের কিয়াউকপাইয়ু বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। দানিয়াবতী আঞ্চলিক নৌ কমান্ড ঘাঁটির নিরাপত্তার জন্য আশপাশের গ্রামের লোকদের ধান চাষ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী।

কিয়াউকপাইয়ু থেকে ৪ কিলোমিটার পূর্বে নৌঘাঁটি অবস্থিত। সামরিক শাসনামল থেকেই সিত টাও ও থিত পোকে তাউং গ্রাম ঘিরে রাখা ছিল। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আঞ্চলিক নৌ কমান্ডের উপস্থিতি ছাড়াও জুন মাসের শেষের দিক থেকে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদস্যদের          

 টহল দিতে দেখা গেছে।

গত বছরের নভেম্বরে চীন ও মিয়ানমার সরকার কিয়াউকপাইয়ু বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চুক্তিবদ্ধ হয়েছিল। এই চুক্তির ফলে চীন বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে পারবে, যা পেইচিংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর অংশ।

নৌঘাঁটি থেকে এক কিলোমিটার দূরবর্তী সায় মাও গ্রামের বাসিন্দা জানান, গত ২৭ জুন সেনাবাহিনীর একটি দল গ্রাম পাড়ি দেওয়ার সময় একজন মোবাইলে তাদের ছবি তুলেছিলেন। বিষয়টি একজন সেনা টের পেয়ে গেলে গ্রামে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয়।

ওই ঘটনার দুই দিন পর গত ২৯ জুন নৌঘাঁটির কমান্ডার গ্রামের সরকারি কর্মকর্তাদের তলব করেন এবং সেনাবাহিনীর সদস্যদের ছবি না তোলার নির্দেশ দেন। নৌঘাঁটির কমান্ডার ১০টি গ্রামের কৃষকদের ধান চাষ বন্ধ রাখতেও নির্দেশ দেন। এমনকি গ্রামে কোনো নতুন মুখ দেখা গেলে সঙ্গে সঙ্গে নৌ কমান্ডকে জানাতে বলেন।