ব্রেকআপের পর ধাক্কা সামলাতে না পেরে অনেকের জীবন নষ্ট হয়ে যায়। কেউ কেউ তো আত্মহত্যার মতো পথও বেছে নেন। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি ‘বৈজ্ঞানিক’ উপায়ের কথা বলছেন, যেটি অনুসরণ করলে সাবেক সঙ্গীকে সহজে ভোলা যায়।
জার্নাল অফ নিউরোসায়েন্সে প্রকাশিত গবেষণায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরা সঙ্গীকে ভোলার এই উপায়কে ‘প্ল্যাসেবো ইফেক্ট’ বলছেন।
গবেষকেরা নানা পরীক্ষায় দেখেছেন, ‘প্রাক্তনকে ভোলার জন্য আমি কিছু একটা করছি’ এই বিশ্বাস একবার মনে আনতে পারলে কষ্ট অনেক কমে যায়।
গবেষণার জন্য ৪০ জন ব্যক্তিকে বেছে নেওয়া হয়, যারা ছয় মাস আগে প্রেমে কিংবা সাংসারিকভাবে বড় ধরনের ধাক্কা খেয়েছেন।
সবাইকে তার সাবেকের ছবি দেখানোর সময় ব্রেনের কার্যক্রম এফএমআরআইয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। এ সময় দেখা যায়, শারীরিকভাবে আহত হলে ব্রেনের নির্দিষ্ট একটি অংশ যেমন প্রতিক্রিয়া দেখায়, তেমনি প্রাক্তনের ছবি দেখলেও একই প্রতিক্রিয়া হয়!
এফএমআরআই মেশিন সরিয়ে অংশগ্রহণকারীদের নাকের একটি স্প্রে দেওয়া হয়। অবাক করার বিষয় হল অধিকাংশ ব্যক্তি বলছেন ওই স্প্রে ব্যবহারের পর তাদের মনে প্রশান্তি এসেছে।
গবেষকেরা বলছেন, প্রশান্তি শুধু তাদের মনেই এসেছে যারা বিশ্বাস করেছেন তারা সাবেককে ভোলার চেষ্টা করে সফল হচ্ছেন। এই বিশ্বাস যারা আনতে পারেন না, তাদের ক্ষেত্রে ভোলা কঠিন। অযথাই তারা মানসিক কষ্টে ভোগেন।