মেয়েদের বিশ্বকাপে শিরোপা ধরে রাখল যুক্তরাষ্ট্র

নেদারল্যান্ডসকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতে নিল যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড চারবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল দেশটি।

রোববার ফ্রান্সের লিওঁতে অনুষ্ঠিত ম্যাচটি ২-০ গোলে জিতে নেয় যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডস প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল। শিরোপার মঞ্চ থেকে তাদের ফিরতে হয়েছে হতাশ হয়ে।

এদিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল আদায় করে যুক্তরাষ্ট্র। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেগান র‌্যাপিনো। আট মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেছেন রৌজ ল্যাভেল।

আসরে ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতে নিয়েছেন র‌্যাপিনো। তার সতীর্থ অ্যালেক্স মরগানও সমান ৬ গোল করেন। তবে এসিস্টের দিক থেকে এগিয়ে থাকায় র‌্যাপিনোর হাতে ওঠে সোনায় মোড়ানো বুট।

একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বল’ও জিতেছেন র‌্যাপিনো। আসলে দিনটা শুধু নিজের করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। দুই দিন আগে ৩৪ পূর্ণ করা তারকা দেশের হয়ে এদিন পেয়েছেন ৫০তম গোল।

যুক্তরাষ্ট্র ১৯৯১ সালে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলে। এরপর ১৯৯৯ সালে জিতে দ্বিতীয় শিরোপা। ২০১৫ সালে তৃতীয় শিরোপার দেখা পায় তারা।