ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মর্যাদার লড়াই। দুই দলই ম্যাচটা জিততে চায় জান-প্রাণ দিয়ে। তবে বিশ্বকাপে এই দুই দলের লড়াই মানেই পাকিস্তানের হার। এবারো তার ব্যতিক্রম হয়নি। ভারত সপ্তমবারের মতো বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তুলে নেয় জয়।
এবারের আসরে ভারতের কাছে হারটির পর পাকিস্তানের দুঃসহ সময় গেছে বলে মন্তব্য করেছেন দলটির অধিনায়ক সরফরাজ আহমেদ।
ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য ছিল বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ। ওই ম্যাচের আগে চার ম্যাচের মাত্র একটিতে জিতেছিল পাকিস্তান। দুটিতে হারে, আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। টুর্নামেন্টের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ভারতের বিপক্ষে ম্যাচটি তাই বেশ গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তানের জন্য।
কিন্তু সেই ম্যাচ হেরে যায় পাকিস্তান। এরপর টানা চার ম্যাচ জিতেও শেষ চারে জায়গা করতে পারেনি ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। দেশের ফেরার সংবাদ সম্মেলনে সরফরাজ বললেন, ‘‘প্রথম ম্যাচের পর আমরা মোমেন্টামটা ধরতে পেরেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। এরপর অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি। ভারতের বিপক্ষে হারের পর সাত দিন দলের জন্য খুবই দুঃসহ সময় গেছে।’’
এরপর কীভাবে ঘুরে দাঁড়ানো তাদের সেটিও বলেছেন সরফরাজ। করাচিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘‘ম্যাচটির পর আমরা দুদিন বিরতি নিয়েছিলাম। এরপর আমি দলের ১৫ জনকে নিয়ে মিটিং করি। যেখানে ম্যানেজমেন্টের কেউ ছিল না। প্রথম পাঁচ ম্যাচ থেকে যা উপলব্ধি করেছি তা সবার সঙ্গে ভাগাভাগি করি। আমাদের যেসব ভুল ছিল, সেসব আমরা কাটিয়ে উঠতে পারি। সব খেলোয়াড়রাই দারুণভাবে সাড়া দিয়েছিল।’’
আর তাতেই এল সাফল্য, ‘‘এরপর চার ম্যাচ দল খুব ভালো পারফর্ম করেছে। জুনিয়ার ও সিনিয়র সহ সব খেলোয়াড় নিজেদের কাজটা দারুণভাবে করেছে। একজন অধিনায়ক হিসেবে আমি খুশি।’’
কিন্তু ৯ ম্যাচ শেষে ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়েও সেমিফাইনালে যাওয়া হয়নি পাকিস্তানের। সমান ১১ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে সেমির টিকিট কাপে নিউজিল্যান্ড।