সায়মার বাবার আর্তি পশু থেকে বাচ্চাদের রক্ষা করুন

রাজধানীর ওয়ারীতে ধর্ষণের শিকার হয়ে নিহত হওয়া শিশু সামিয়া আফরিন সায়মার বাবা আবদুস সালাম তার মেয়ে হত্যাকারীর ফাঁসি চেয়েছেন। একই সঙ্গে তিনি ধর্ষণের হাত থেকে শিশুদের রক্ষায় অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার দেশ রূপান্তরের কাছে এমন দাবি ও আহ্বানের কথা জানান তিনি।

সায়মা হত্যার ঘটনায় গ্রেপ্তার হারুন অর রশীদের ফাঁসি চেয়ে আবদুস সালাম

বলেন, ‘আপনাদের যাদের মেয়ে আছে, সন্তান আছে, এ রকম কুরুচিপূর্ণ, এ রকম পশুত্বসুলভ আচরণকারীদের কাছ থেকে কীভাবে দূরে রাখবেন, আপনারা একটু ভেবে দেখবেন। এসব পশুর কাছ থেকে বাচ্চাদের রক্ষার চেষ্টা করুন। আমি আমার মেয়েকে রক্ষা করতে পারি নাই।’ ওই সময় তিনি দ্রুত সময়ে সন্দেহভাজনকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানান।

আবদুস সালাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আপনাদের কেউ মেয়ের বাবা, ছেলের বাবা। আপনাদের হয়তো আমার মেয়ের মতো মেয়ে আছে। আজকে আমার মেয়ের ওপর নির্মম নির্যাতনের ঘটনা আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দেশবাসী জানতে পারল বা দেখল। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এই আসামিকে ধরতে পুলিশ প্রশাসনের যারা যারা এর পেছনে কাজ করেছেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা রইল। আপনাদের কাছে আমার মূল দাবি, ওর যে শাস্তি হওয়ার তা যেন অতি দ্রুত সময়ে ৩ থেকে ৬ মাসের মধ্যে হয়। আমি তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। এই শাস্তিও তার কম হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ শাস্তি বলতে আমি এটি বোঝাচ্ছি যে, আমার মেয়েকে যেহেতু দুই রকম নির্যাতন করে ও হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই। আমি তার ফাঁসি অতি দ্রুত সময়ে কার্যকর হতে জোর দাবি জানাচ্ছি।’

হত্যার আগের পরিস্থিতি জানিয়ে সায়মার বাবা বলেন, ‘আমার স্ত্রীর কাছ থেকে মেয়েটা বলে গেছিল, “১০ মিনিটের জন্য উপর তলা যাই, এসে আমি পড়া দিব।” যেভাবে তাকে হত্যা করা হয়েছে, আমরা কীভাবে ধৈর্যধারণ করব। এই ঘটনায় আমার পরিবার পুরাটাই বিধ্বস্ত। তার মা কিছু মুখেই দেয় না।’ তিনি জানান, তার চার সন্তানের মধ্যে সায়মা সবার ছোট ছিল।