চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে তার পাঁচ দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরের বিষয়ে আজ সোমবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন শুরু হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের আমন্ত্রণে পাঁচ দিনের দ্বিপক্ষীয় সরকারি সফর শেষে গতকাল রবিবার দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল

আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে ফ্লাইটটি শনিবার চীনের স্থানীয় সময় বেলা ১১টা ৫ মিনিটে পেইচিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর ত্যাগ করে।

চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং এবং প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চীনের দালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) অ্যানুয়াল মিটিংয়েও যোগদান করেন। এই সফরে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে মিয়ানমারকে বোঝানোর বিষয়ে পেইচিং ঢাকাকে আশ্বস্ত করে। শেখ হাসিনা কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) মিনিস্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সঙ্গ তায়োর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা এবং পেইচিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সংক্রান্ত ৯টি চুক্তি স্বাক্ষর হয়। এর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য লেটার অব এক্সচেঞ্জ, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, বিনিয়োগ, বিদ্যুৎ, সংস্কৃতি এবং পর্যটন সংক্রান্ত চুক্তি ও সমঝোতা স্মারক। সফরকালে ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াব এবং বিভিন্ন চীনা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা।