বাগেরহাটের ফকিরহাটে গরু বোঝাই ট্রাকের চাপায় রাব্বি শেখ (২৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার পথচারী।
সোমবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী বিশ্বরোডের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রাব্বি শেখ ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের হোসেন শেখের ছেলে। আহতের নামপরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, “সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মোল্লাহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা গরুবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক সাইকেল আরোহীকে সামনে থেকে চাপা দেয়। পরে ট্রাকটি শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনে বসে থাকা আরও চার পথচারীকে ধাক্কা দেয়।
এতে সাইকেল আরোহী রাব্বি ঘটনাস্থলেই মারা যান। এসময় সাইকেল আরোহী রাব্বি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।