প্রতিকূল আবহাওয়া

হিলিতে পণ্য খালাস ব্যাহত

বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টিতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে গতকাল পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, আমদানি রপ্তানি স্বাভাবিক থাকলেও সোমবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টিপাতের কারণে সব আমদানি পণ্য খালাস করা যাচ্ছে না। বন্দরের ভেতরে কিছু ছাউনিযুক্ত শেড রয়েছে। সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সিরিয়াল অনুযায়ী কিছু পেঁয়াজ বোঝাই ট্রাক খালাস করতে পারলেও খৈল, গম, ডালসহ অন্য পণ্য সম্ভব হচ্ছে না। এতে আমাদের বাড়তি মাশুল গুনতে হবে। সেই সঙ্গে বৃষ্টিতে পণ্য ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।