টঙ্গীতে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

টঙ্গীতে শুভ আহমেদ (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত রবিবার রাতে টঙ্গীর ঝিনুক মার্কেট মদিনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে বন্ধুরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।

শুভ স্থানীয় ফিউচারম্যান স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। তার বাবা রাজু মিয়া পোশাকশ্রমিক। পরিবারের সঙ্গে সে ঝিনুক মার্কেট এলাকার একটি ভাড়া বাড়িতে থাকত। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে চুল কাটানোর জন্য বাসা থেকে বের হয় শুভ। সেলুনে চুল কাটানোর পর সমবয়সী পাঁচ-ছয়জন কিশোর তাকে ডেকে নিয়ে যায়। মাঝরাত হয়ে গেলেও শুভ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। রাত ২টার দিকে স্থানীয় লোকজন বিসিকের একটি নির্জন রাস্তায় এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যায়। পরে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন।

শুভর ভগ্নিপতি এনামুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডে শুভর বন্ধুরাই জড়িত। ওদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেই প্রকৃত ঘটনা জানা যাবে।’

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড। এর সঙ্গে শুভর বন্ধুরা জড়িত থাকতে পারে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। শুভর পিঠে ৬টি, বুকে ও মাথায় একটি করে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।