সড়কে প্রাণ গেল ৮ জনের

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর নবীনগর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মাসুদুল ইসলাম জিদান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত রবিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ২৭০/১, দক্ষিণ যাত্রাবাড়ীর সাইমন ইসলামের ছেলে জিদান দোলাইরপাড়

           

হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। গত বছর ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দুটি বাসের প্রতিযোগিতায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আবদুল করিম ও দিয়া খানম নিহত হন। ঘটনার পর থেকে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক দাবিতে আন্দোলন শুরু করে। যা ছাড়িয়ে পড়ে দেশব্যাপী। এরপরও বেপরোয়া বাস, ট্রাক ও পিকআপ ভ্যানের চাপায় রাজধানীতে হতাহতের ঘটনা ঘটছে।

এছাড়া গতকাল দুপুরে পাবনার আমিনপুর থানার বিরাহিমপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। সকালে নাটোরের বড়াইগ্রামের সুতিরপাড় এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক প্রাণ হারান। এদিন বাগেরহাটের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারানো গরুবোঝাই ট্রাকচাপায় এক সাইকেল আরোহীসহ দুজনের মৃত্যু হয়েছে। আগের রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে বন্ধন পরিবহনের বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

 

ঢাকা : যাত্রাবাড়ী থানার এসআই শ্রী জয়কৃষ্ণ বর্মণ জানান, দক্ষিণ যাত্রাবাড়ীতে বোরাক পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা স্কুলছাত্র জিদান ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় ওই বাস তাকে চাপা দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। জিদানের বাবা জানান, তারা দক্ষিণ যাত্রাবাড়ীতে থাকেন। চার সন্তানের মধ্যে বড় ছিল জিদান। রাতে ছোটভাই অহিদুল ইসলাম ও মামাতো ভাই নুরুদ্দিনের সঙ্গে মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিল জিদান। দক্ষিণ যাত্রাবাড়ী নবীনগর এলাকায় বোরাক পরিবহনের একটি বাসের ধাক্কায় সে মারা যায়।

 

পাবনা : গতকাল দুপুর ১টার দিকে আমিনপুর থানার বিরাহিমপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন সুজানগর উপজেলার আদমপাড়া চিনাখড়া গ্রামের সাহাই হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫), বিরাহিমপুর পশ্চিমপাড়া গ্রামের রমজান আলীর ছেলে মুক্তার হোসেন (৩২) ও সাঁথিয়া উপজেলার দুলাল খাঁর ছেলে ইসা (২৮)। আমিনপুর থানার ওসি মমিনুল হক জানান, দুপুরে কাশীনাথপুর থেকে তিন মোটরসাইকেল আরোহী ঢাকা-পাবনা মহাসড়ক হয়ে পাবনা যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগ্রামী ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

 

বাগেরহাট : ফকিরহাটে নিয়ন্ত্রণ হারানো গরুবোঝাই ট্রাকচাপায় এক সাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার আট্টাকী বিশ্বরোড মোড়ের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন উপজেলার আট্টাকী গ্রামের হোসেন শেখের ছেলে রাব্বি শেখ (২৫) এবং একই উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪২)। কাটাখালী হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নাটোর : বড়াইগ্রামের সুতিরপাড় এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক রবি হোসেন (৩২) নিহত হয়েছেন। গতকাল সকালের এ দুর্ঘটনায় বাসচালক ও হেলপার আহত হয়েছেন। রবি ভেড়ামারা উপজেলার মহসেনপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

 

নারায়ণগঞ্জ : গত রবিবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে বন্ধন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নূর মোহাম্মদ বাদল (২০) নিহত হয়েছেন। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বন্ধন পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে ভাঙচুর করে। পরে চালককে আটকের আশ্বাস দেওয়া হলে তারা সড়ক ছেড়ে চলে যায়। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।