একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে জনগণের সব আশা-আকাক্সক্ষাকে পদদলিত করেছে সরকার। তারা একটি ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় জনগণের নির্বাচিত পার্লামেন্ট ও সরকার গঠনের লক্ষ্যে অবিলম্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাই।’
তিনি বলেন, ‘যেহেতু বর্তমান পার্লামেন্টে জনগণের ভোটে নির্বাচিত হয়নি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল জবরদস্তি করে নিজেদের পক্ষে নিয়েছে। এ কারণে জনগণের কাছে কোনো প্রতিষ্ঠানের জবাবদিহির কোনো সুযোগ নেই। রাষ্ট্রের সব ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। বিচার বিভাগও এর প্রভাব থেকে মুক্ত নয়।’
ফখরুল বলেন, শুধু ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে সরকার। বিরোধী রাজনীতিকে ধ্বংস করে বাংলাদেশের গণতন্ত্রকে চিরতরে নির্বাসিত করার সব আয়োজন সম্পন্ন করেছে আওয়ামী লীগ। জনগণের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগকে দলীয়করণ করেছে। এর মাধ্যমে রাষ্ট্রকে একদলীয় শাসনব্যবস্থা একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।
‘বিচার বিভাগে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলে সেখানকার পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে’Ñ এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়ার মামলা এ বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠেছে। এছাড়া অতি সম্প্রতি পাবনার ঈশ্বরদীর ঘটনার মামলায় নিম্ন আদালতে যে রায় দেওয়া হয়েছে তা বিচারব্যবস্থার একই চিত্র তুলে ধরেছে। এ মামলার রায়ে ৯ জনকে মৃত্যুদ-, ২৫ জনকে যাবজ্জীবন কারাদ- ও ১৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদ-ের শাস্তি প্রদানের আদেশ সমগ্র জাতিকে বিস্মিত, হতাশ ও ক্ষুব্ধ করেছে।
তিনি বলেন, বিএনপি সবসময় যেকোনো সন্ত্রাসের বিরুদ্ধে। বিএনপি সবসময়ই সন্ত্রাসের ঘটনার নিন্দা করেছে। প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার চেয়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঘটনাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চেয়েছে। ১৯৯৪ সালে ঈশ্বরদীতে সংঘটিত এ মামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একটি রাজনৈতিক দলের প্রায় সব কর্মকর্তাকে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে তিন বছর পর অভিযোগপত্র দিয়ে ২৫ বছর পর এই আদেশ প্রমাণ করেছে যে, এই আদেশ ন্যায়বিচারের পরিপন্থী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এ রায়ের মাধ্যমে প্রমাণ হলো বিচার বিভাগ সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। যেখানে মৃত্যুই হলো না সেখানে মৃত্যুদ-!
কাদের সিদ্দিকীর ঐক্যফ্রন্ট ছাড়ার বিষয়ে কোনো মতামত নেই : গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছে সেখান থেকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সংবাদ সম্মেলন করে ফ্রন্ট ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।