কিশোরগঞ্জের ভৈরবে গাছ কাটা নিয়ে বিরোধে চাচা দুলাল মিয়াকে (৬০) কুপিয়ে হত্যা করেছে দুই ভাতিজা বাছির মিয়া ও আক্তার মিয়া। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন নিহতের ছেলে মিজান (৩৮) ও তার স্ত্রী রেহেনা বেগম (২৮)।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর এলাকায়।
নিহত দুলাল মিয়া ওই এলাকার মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে। হামলাকারী বাছির ও আক্তার মিয়া নিহতের বড়ভাই মৃত লাল মিয়ার ছেলে।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ভৈরব থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে দুই হামলাকারী বাছির ও আক্তার পলাতক বলেও জানান তিনি।
নিহতের ছেলে মিজান জানান, বাড়ির সীমানা সংলগ্ন একটি গাছ কাটাকে কেন্দ্র করে বিকেলে তার বাবা দুলাল মিয়ার সঙ্গে দুই চাচাতো ভাই বাছির মিয়া (২৮) ও আক্তার মিয়ার (৩৫) কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে রাত ৮টার দিকে বাড়ির পাশে তার বাবাকে একা পেয়ে হামলা চালায় বাছির ও আক্তার। তারা ধারালো দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় চিৎকার শুনে তিনি এবং তার স্ত্রী রেহেনা বেগম (২৮) ছুটে গেলে তাদের উপরও হামলা চালায় তারা।
ঘটনার পর গুরুতর আহত তার বাবাকে প্রতিবেশী ও স্বজনরা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।