মাদক মামলায় তিন যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া মিরপুর থানার একটি মাদক মামলায় তিন যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুর গাংনী উপজেলার মোহাম্মদপুর বাগানপাড়া গ্রামের আসাদুল হিড়ুর দুই ছেলে মো. মান্নান ওরফে মায়া (২৫) ও আনিছুর রহমান (২২) এবং সামাদ আলীর ছেলে আব্দুস সালাম (২৪)।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি টিম মিরপুর উপজেলার কুষ্টিয়া মেহেরপুর সড়কের তাঁতিবন্দ এলাকা হতে মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিনচালিত নসিমনে তল্লাশি করে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ নসিমনটি জব্দ ও তিনজনকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশের এএসআই বাবলুর রহমান বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দ.বি. ১৯(১),৩(খ) ধারায় মামলা দায়ের পূর্বক মিরপুর থানায় সোপর্দ করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, কুষ্টিয়া মডেল থানায় দায়েরকৃত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১),৩(খ) ধারার মামলাটি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন পূর্বক দীর্ঘ সাক্ষ্য শুনানি করেন এবং আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন।

আসামি পক্ষের কৌঁসুলি দেওয়ান ছরোয়ার হোসেন ও আলী আকবর মোল্ল্যা বলেন, আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব এবং অবশ্যই সেখানে ন্যায়বিচার পাব বলে আশা করি।