কুষ্টিয়ায় বাবা হত্যা মামলায় মিথ্যা সাক্ষী দেওয়ার অভিযোগে বাদির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর ২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী একটি হত্যা মামলার সাক্ষ্য শুনানিকালে এই আদেশ দেন।
অভিযুক্ত ব্যক্তি হলেন কুষ্টিয়া সদর উপজেলার রনজিতপুর গ্রামের মৃত দুলাল রায়ের ছেলে বিদ্যুৎ রায়।
আদালত সূত্রে জানা যায়, মিথ্যা সাক্ষ্য দেওয়ায় অভিযুক্ত ওই ব্যক্তি ২০১৮ সালের ১০ জানুয়ারি বাবাকে হত্যার অভিযোগে কাকা অনুকুল রায়ের বিরুদ্ধে এজাহার দায়ের করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায়। মামলাটি তদন্ত শেষে আদলতে চার্জশিট দাখিল করেন পুলিশ।
এই মামলায় সাক্ষ্য শুনানি কালে মামলার এজাহারকারী বিদ্যুৎ রায় কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়ার সময় বিবাদী পক্ষের কৌঁসুলির জেরার মুখে আদালতের সামনেই স্বীকার করেন, ‘আমি অন্যের কাছে শুনা কথার ওপর ভিত্তি করে কাকার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছি’।
এসময় বিজ্ঞ আদালত মিথ্যা মামলা দায়েরের অভিযোগে লিখিত এজাহার ও জবানবন্দির ফটোকপিসহ সংশ্লিষ্ট আমলী আদালতে প্রেরণের নির্দেশ দিয়ে পুলিশে সোপর্দ করেন।