বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ওকালতনামায় স্বাক্ষর করার অনুমতি না দেওয়া এবং তার স্বাক্ষরসহ তা ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র সচিবসহ পাঁচজনকে আইনি (লিগ্যাল) নোটিস পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী কায়সার কামাল এ নোটিস পাঠান।
স্বরাষ্ট্র সচিব ছাড়াও পুলিশের মহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, আইজি প্রিজন ও কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্টের উদ্দেশে এ
নোটিস পাঠানো হয়েছে। আইনজীবী জানান, নোটিসে বলা হয়েছে, যদি ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে ওকালতনামায় স্বাক্ষর করতে না দেওয়া হয় এবং তা তাদের হাতে পৌঁছানো না হয় তাহলে উচ্চ আদালতে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। ওকালতনামায় স্বাক্ষরের জন্য আমরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে তা পাঠিয়েছি। কিন্তু কারা কর্তৃপক্ষ ওকালতনামা আমাদের সরবরাহ করছে না। এ নিয়ে আমরা বারবার সংশ্লিষ্টদের মৌখিভাবে ও চিঠি দিয়ে তাগিদ দিয়েছি। কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করছে না। এতে করে বেগম জিয়ার সাংবিধানিক ও মৌলিক অধিকার হরণ করা হচ্ছে এবং তার আইনগত অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। আর ওকালতনামা না আসায় আমরা খালেদা জিয়ার পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করতে পারছি না। তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে আমরা ওকালতনামা ফেরতের জন্য তাদের বলেছি। যদি তা না করা হয় তাহলে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব।