দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়ম এবং ‘প্রমাণিত যৌন নির্যাতনকারী’ শিক্ষক রমজান আলীকে স্থায়ী বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দিনাজপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করে হাবিপ্রবির প্রগতিশীল শিক্ষক ফোরাম। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. বলরাম রায় এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম হারুন-উর রশীদ।
তারা বলেন, গত এক বছরে রিজেন্ট বোর্ডের তিনটি সভা অনুষ্ঠিত হলেও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের যৌন নির্যাতনকারী শিক্ষক সহকারী অধ্যাপক ড. রমজান আলীকে প্রশাসন স্থায়ী বহিষ্কার না করে পরিকল্পিতভাবে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া নিয়োগে বিভিন্ন অনিয়মের উল্লেখ করে সংবাদ সম্মেলন থেকে ওই শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. ফজলুল হক বলেন, ‘সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ তারা করেছে তার তথ্য-প্রমাণ তারা দিতে পারবে বলে আমার মনে হয় না।’