রোহিঙ্গা সংকট

মিয়ানমারের ভূমিকা দেখতে চান বিশ্বব্যাংক সিইও

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারকেই বড় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন বাংলাদেশে সফররত বিশ্বব্যাংকের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) ক্রিস্টালিনা জর্জিওভা। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

গতকাল ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপশান’ বিষয়ক ঢাকা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ওই হোটেলেই তার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী। উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

সে সময় বাংলাদেশের গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্য ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকের প্রসারের প্রশংসা করে জর্জিওভা বলেন, ‘বাংলাদেশে দারিদ্র্যসীমা ২১ শতাংশের নিচে নেমে এসেছে, এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে।’

বিশ্বব্যাংকের ওই শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন বলে জানান প্রেস সচিব। ক্রিস্টালিনা জর্জিওভা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘স্বাধীনতা ও সংগ্রামের প্রতীক’ হিসেবে অভিহিত করেন বলে জানান তিনি। জর্জিওভা বলেন, ‘আমি স্কুলের শিক্ষার্থী ছিলাম, যখন বঙ্গবন্ধুর জাদুকরী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়।’