সংরক্ষিত আসনের সাংসদ রুশেমা ইমামের মৃত্যু

ফরিদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুশেমা ইমাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। গত মঙ্গলবার ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয় তাকে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

রুশেমা ইমামের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গতকাল জাতীয় সংসদের অধিবেশনের সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি সংসদে গৃহীত হয়।

পরে অধিবেশনে অংশ নিয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘স্বাধীনতা সংগ্রাম এবং পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগকে সংগঠিত রাখার ক্ষেত্রে কত মানুষের যে ভূমিকা ছিল তা বলে শেষ করা যাবে না। তিনি ছিলেন তাদের অন্যতম। এই নির্যাতিত নেতাকর্মীরা যাতে মূল্যায়িত হন, একটু স্বস্তি পান আমি সে চেষ্টাই করি।’

সংসদের অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি করা হয়। সংসদের রীতি অনুযায়ী, চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যু হলে তার ওপর আলোচনার পর ওই দিনের জন্য অধিবেশন মুলতবি করা হয়ে থাকে।

এদিকে সংরক্ষিত আসনের এই সদস্যের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ.কে আজাদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।