কারাবন্দি খালেদা জিয়ার অনুমতিতেই সব সিদ্ধান্ত : ফখরুল

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পরামর্শ করেই দলে সব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত রাজনীতিক মশিউর রহমান যাদু মিয়ার ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের প্রেক্ষাপট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘কারাবন্দি চেয়ারপারসনের অনুমতি না নিয়ে দল কোনো সিদ্ধান্ত নেয়নি। ২০ দল আগেই ছিল। জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ও নির্বাচনে অংশগ্রহণ চেয়ারপারসনের অনুমতি সাপেক্ষেই।’

খালেদা জিয়া মুক্তি পেলেই দেশে গণতন্ত্র মুক্তি পাবে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে তাকে আটকে রাখা হয়েছিল কারণ তিনি বাইরে থাকলে বানের স্রোতের মতো সবকিছু ভেসে যাবে। আজকেও তাকে বের করছে না এজন্য যে, তিনি যদি আজকে মুক্ত হন তাহলে ক্ষমতাসীনদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তাদের জন্য কঠিন হবে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখা।’ বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের জনগণকে হতাশার কথা বলা যাবে না। বিএনপি নিশ্চয়ই বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করতে পারবে। বেগম জিয়া মুক্তি পেলেই দেশের গণতন্ত্র মুক্তি পাবে।’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘পৃথিবীটা বদলে গেছে, আপনি চিন্তা করেন যে ভারতে মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছিল তারা এখন রাষ্ট্র ক্ষমতায় এবং জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। ভাবুন পরিবর্তনটা কোথায়, এটাই বাস্তবতা। সেই পরিবর্তনটা অনুধাবন করতে হবে, বুঝতে হবে এবং সেখান গিয়ে আমাদের পথ বের করতে হবে, কোন পথে গেলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব।’

প্রয়াত মশিউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদু মিয়া বাস্তবতাটা বুঝে কাজ করেছেন। আমরাও সেভাবে কাজ করতে চাই। অনেকে এখানে বলেছে, জনগণের বিজয় দেখতে চাই; আমরাও চাই। কিন্তু ধৈর্য ধরতে হবে। কখনই নিজেকে পরাজিত ভাবলে চলবে না। কিন্তু দুঃখের বিষয় অনেকের চেহারার মধ্যে পরাজিতের ছবি দেখতে পাই, আমাকে এটা আহত করে।’

মশিউর রহমান যাদু মিয়া স্মৃতি সংসদের জাতীয় কমিটির আহ্বায়ক শামসুল হকের সভাপতিত্বে ও আরিফুল হোসেন আরিফের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক ছাত্রনেতা কাশেম চৌধুরী ও যাদু মিয়ার মেয়ে রিটা রহমান প্রমুখ।