পাবনায় গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

পাবনায় গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। তার নাম সাইফুল ইসলাম গেদা ওরফে গেদালাল (৩০)। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে সুজানগর উপজেলার হাসামপুর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশের দাবি, সাইফুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে পাবনা ও মানিকগঞ্জ থানায় কয়েকটি মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তারা হলেন এসআই মিনারুল ইসলাম, কনস্টেবল আমজাদ ও কনস্টেবল নুরুল ইসলাম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বাড়ির সামনে থেকে ডাকাত সদস্য সাইফুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রাত আড়াইটার দিকে অভিযানে যায় পুলিশ। উপজেলার হাসামপুর ঈদগাহ মাঠের সামনে পৌঁছামাত্র উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তার সহযোগী ডাকাত সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুটি গুলি খোসা, একটি হাঁসুয়া, একটি ড্যাগার, একটি কিরিচ, একটি প্লায়ার্স, দুটি টর্চলাইট উদ্ধার করা হয়।