বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনে যে সংকটের সৃষ্টি হয়েছিল তা কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সার্চ কমিটির নেতারা। গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে তারা বলেন, শিগগিরই ছাত্রদলের কমিটি গঠনের জন্য নতুন করে কাউন্সিলের তফসিল ঘোষণা করা হবে। এ ছাড়া বিক্ষুব্ধদের দলের বিভিন্ন সহযোগী সংগঠনে পদায়ন করা হবে। যেহেতু আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে এখনতাদের দিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি কিংবা আহ্বায়ক কমিটি গঠন করা হবে সংগঠনের গঠনতন্ত্রবিরোধী। সংকটের সমাধান কতদূর জানতে চাইলে সার্চ কমিটির সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দেশ রূপান্তরকে বলেন, সংকটের সমাধানের প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। শিগগিরই গণমাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরা হবে। আগামী শনিবার সার্চ কমিটির নেতারা আবার বৈঠক করে সমস্যার চূড়ান্ত সমাধান করবেন। এরপর বিক্ষুব্ধ নেতাদের তা জানিয়ে দেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সার্চ কমিটির এক সদস্য বলেন, সার্চ কমিটিই কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের নতুন কমিটি করে দেবে। যারা বিক্ষুব্ধ তাদের বুঝিয়ে অন্য সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হবে। বিক্ষুব্ধদের ম্যানেজ করেই পরিস্থিতি ঠা-া করার চেষ্টা চলছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় দেশ রূপান্তরকে বলেন, ছাত্রদলের কমিটি গঠন নিয়ে যে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়েছিল তা শান্ত করা গেছে। শিগগিরই এর সমাধান বেরিয়ে আসবে।
সার্চ কমিটি সংকট সমাধানের জন্য যে পথে হাঁটছে তা কীভাবে দেখছেন জানতে চাইলে বিক্ষুব্ধ ছাত্রদল নেতা এজমল হোসেন পাইলট দেশ রূপান্তরকে বলেন, বল এখন সার্চ কমিটির কাছে। তারা কী সমাধান দেয় তার জন্য অপেক্ষা করছেন তারা।
দ্বিমত পোষণ করেছেন অপর বিক্ষুব্ধ ছাত্রদল নেতা ইখতিয়ার কবির। তিনি দেশ রূপান্তরকে বলেন, আমাদের দাবি অনুযায়ী বিলুপ্ত কমিটির নেতাদের দিয়ে আহ্বায়ক কমিটি কিংবা সম্মেলন প্রস্তুতি কমিটি না করলে মানব না।
সার্চ কমিটির সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দেশ রূপান্তরকে বলেন, বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে কথা বলেই ছাত্রদলের কাউন্সিলের নতুন তারিখ ঠিক করা হবে। ছাত্রদলের কাউন্সিলের জন্য তিনটি কমিটি করা হয়েছে। তারাই কাউন্সিলের নতুন তারিখ ঠিক করবেন।
তিনি বলেন, যেহেতু ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে, সেহেতু নতুন আহ্বায়ক কমিটি জটিলতার সৃষ্টি করবে। তা ছাড়া নতুন আহ্বায়ক কমিটি গঠনতন্ত্রবিরোধী। তাই সেদিকে যাওয়ার সুযোগ নেই।
ইতিপূর্বে ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিরের তফসিল ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী ১৫ জুলাই ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু বিক্ষুব্ধদের আন্দোলনের কারণে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ফরমই বিক্রি করতে পারেননি কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা। ২৭ অথবা ২৮ জুলাই সম্মেলনের তারিখ নির্ধারণ করা হতে পারে।