বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে স্পিকার ড. শিরীন
শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। শপথ শেষে তিনি সংসদ অধিবেশনে যোগ দেন। সিরাজের শপথের মধ্য দিয়ে সংসদে বিএনপির সদস্য সংখ্যা দাঁড়াল সাত।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে এই আসনে প্রার্থী হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। কিন্তু বিএনপি মহাসচিব শপথ নেননি। তার ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে বিজয়ী হন জিএম সিরাজ। তিনি বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক। এই আসনে বরাবরই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করে জয়ী হয়ে আসছেন। কিন্তু দ-িত হয়ে কারাবন্দি থাকায় ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি ভোট করতে পারেননি।
জিএম সিরাজের শপথবাক্য পরিচালনা করেন জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। বিএনপিদলীয় সংসদ সদস্যদের মধ্যে ছিলেন হারুনুর রশিদ, জাহিদুর রহমান, আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন ও সংরক্ষিত নারী সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা।