মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে পাওনা টাকা চাওয়ায় হামলা চালিয়ে দুটি বসতঘর ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্যমতে, আড়াই বছর আগে সৌদি আরব যাওয়ার জন্য ওই এলাকার রেজ্জেক মীরের কাছ থেকে ৩ লাখ টাকা ধার নেন পাশের বাড়ির সাজ্জাদ মীর। কয়েক দফা এই টাকা ফেরত দেওয়া নিয়ে এলাকায় সালিস বৈঠক হয়। কিন্তু টাকা না দিয়ে নানা টালবাহানা করে আসছিলেন সাজ্জাদ ও তার বাবা মোসলেম মীর। এরই জেরে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাজ্জাদ মীরের সমর্থকরা রেজ্জেক মীরের বাড়িতে হামলা চালায়। এ সময় দুটি বসতঘর ভাঙচুর ও ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা।
খবর পেয়ে আঙ্গুল কাটা তদন্তকেন্দ্রের পুলিশ ও পরে জেলার গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি সাওগাতুল আলম বলেন, এ ঘটনায় সকালে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের ধরার প্রক্রিয়া চলছে।