ইমামের বিরুদ্ধে মসজিদে শিশু ধর্ষণের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় মসজিদের ভেতর দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমামের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়ায় এ ঘটনা ঘটে। ওইদিন বিকেলে উখিয়া থানার এসআই মিল্টন পালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে ইমাম নুরুল আমিনের ফাঁসি দাবি করেছেন ওই ছাত্রীর বাবা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী গত বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে ঘরে ফিরছিল। পথে ডেইলপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ নুরুল আমিন তাকে মসজিদ ঝাড়– দেওয়ার কথা বলে ভেতরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি মসজিদ থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে বাবা-মাকে এ কথা জানায়। তখন থেকেই ইমাম পলাতক।

রাজাপালং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুর রহিম জানান, এ ধরনের একটি ঘটনা ঘটেছে। এর বেশি কিছু বলতে চাননি তিনি।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, এ বিষয়ে গতকাল শুক্রবার থানায় একটি মামলা হয়েছে। আসামিকে ধরতে পুলিশি অভিযান চলছে। এর আগে এ ঘটনার পর স্থানীয় ইউপি মেম্বার সালিশে ইমামকে ১ লাখ টাকা জরিমানা করেন।