নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকার দুই মেয়রকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গৌরব-৭১ নামের একটি সামাজিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ থেকে এ আহ্বান জানান বিক্ষোভকারীরা। সমাবেশে
বিক্ষোভকারীরা বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ঘরে ঘরে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। অথচ ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা নিধনে ব্যর্থ দুই মেয়র। অন্যান্য কাজের সঙ্গে মশা মারাও তাদের কাজ। সেটা না পারলে তাদের উচিত ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব থেকে সরে যাওয়া।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন কর্তৃপক্ষ মনোযোগী নয় বলে সমাবেশে থেকে অভিযোগ করা হয়।
সমাবেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক শিশুর মা গুলশান আরা ঊর্মি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘জ্বর আসার ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতালে নিয়েছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি। মশার ভয়ে আমি সারা বছর কখনো ঘরের জানালা খুলি না। আর কীভাবে সচেতন হব? মেয়রদের প্রতি অনুরোধ, আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, আপনারা সেটি নিশ্চিত করুন।’
বিক্ষোভকারীরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারলে দুই মেয়রকে অপসারণের অনুরোধ জানান। তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে সরকারের উন্নয়নের সুনাম ক্ষুণœ হচ্ছে।
সমাবেশের উদ্যোক্তা এফ এম শাহিন মেয়রদের উদ্দেশে বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই যথাযথ ব্যবস্থা নিন, অন্যথায় আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা আজকে কোনো কর্মসূচি ঘোষণা করছি না। তবে সমাধান না হলে আমরা আপনাদের কার্যালয় ঘেরাও করব। আপনাদের কোটি টাকার গাড়িতে চলা বন্ধ করব।’
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সাংবাদিক ইশতিয়াক রেজা, ছাত্রলীগ নেতা ও গৌরব-৭১-এর সভাপতি আবিদ আল হাসান, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান খান, বাপ্পাদিত্য বসু, শাকিল আহমেদ, ভুক্তভোগী নাগরিক আফিয়া চৌধুরীসহ অনেকে বক্তব্য দেন।