বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আল কাইয়ুম ওরফে রাব্বি আকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এই রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে গতকাল একই আদালতে হাজির করে রিফাত হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা কামরুল হাসান সাইমুনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) এবং রিফাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ন কবির দেশ রূপান্তরকে জানান, শুক্রবার বিকেলে রাব্বি আকনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। একই সময় সাইমুনকে ফের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিচারক রাব্বি আকনের সাত এবং সাইমুনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। সাইমুনকে এ নিয়ে চতুর্থ দফায় রিমান্ডে নেওয়া হলো।
রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া দেশজুড়ে আলোচিত এই হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। এই মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনসহ মোট সাতজন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। এছাড়া ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে একদল যুবক বহু পথচারীর উপস্থিতিতে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তাকে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই বিকেলে মারা যান রিফাত। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।